উখিয়ায় পাহাড় ধসে মাদরাসা চাপা পড়ে ৫ রোহিঙ্গার মৃত্যু

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় একটি মাদরাসার অস্থায়ী আশ্রয় কেন্দ্র মাটির নিচে চাপা পড়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এখন পর্যন্ত এই ঘটনায় ৫ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা (আরআরআরসি) ড. মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, ভারি বৃষ্টির কারণে হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে মাদরাসাটির ওপর আছড়ে পড়ে। এতে আশ্রয় কেন্দ্রটি পুরোপুরি চাপা পড়ে যায়। উদ্ধার তৎপরতা চলাকালীন এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় আরও দুইজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, ওই মাদরাসাটি দুর্যোগকালীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হওয়ায় সেখানে অনেক রোহিঙ্গা আশ্রয় নিয়েছিলেন। ঠিক কতজন মানুষ এখনো মাটির নিচে চাপা পড়ে আছেন, তা নিশ্চিত নয়। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নান জানান, বুধবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ৬ ঘণ্টায় জেলায় ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা এই ভারি বর্ষণের কারণেই মূলত পাহাড় ধসের ঘটনাটি ঘটেছে।