লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পারিবারিক সালিসি বৈঠকে বাগবিতণ্ডার জেরে নজরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গুলি করার ঘটনায় তার নাতি মো. আশিককে (২৩) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার রাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে অভিযান চালিয়ে চন্দ্রগঞ্জ উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের হামিদ উল্যা পাটওয়ারী বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের সদস্যরা।
স্থানীয় সূত্র ও মামলা থেকে জানা যায়, গ্রেপ্তার আশিকের বাবা ইসমাইল হোসেন ফারুক ও মা আয়েশা বেগমের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে গত ৩ জুলাই সন্ধ্যায় স্থানীয়ভাবে একটি সালিসি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ফারুকের চাচা নজরুল ইসলামসহ আরও একজন উপস্থিত ছিলেন। সালিসি চলাকালীন আয়েশার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং তিনি ক্ষিপ্ত হয়ে ঢাকায় অবস্থানরত ছেলে আশিককে বিষয়টি জানান।
ঘটনাটি জানার পর আশিক এলাকায় ফিরে আসে এবং ৪ জুলাই বিকেলে বাগবিতণ্ডার একপর্যায়ে নজরুল ইসলামকে গুলি করে। এতে নজরুলের বাম হাতের কব্জির ওপরের অংশে গুলি লাগে। ঘটনার পর থেকেই আশিক পলাতক ছিল। এ ঘটনায় ৬ জুলাই ভিকটিম নজরুল ইসলাম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু মঙ্গলবার বিকেলে জানান, পলাতক আসামিকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশিককে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ১৬: ১৬আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৬: ২৬

