ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্ব মিত্র চাকমা সতর্ক করে বলেছেন যে, আন্দোলনকারীদের উসকে দেওয়া হিতে বিপরীত হতে পারে। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
সর্ব মিত্র চাকমা তার পোস্টে বলেন, এই মুহূর্তে ছাত্রদলের পক্ষ থেকে আগ বাড়িয়ে আন্দোলন সামলানোর চেষ্টা করা বুদ্ধিমানের কাজ হবে না। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যেই ছাত্রদলের একজন কর্মী আন্দোলনকারীদের মাদকাসক্ত বলে অভিহিত করেছেন এবং নারী এইচএসসি পরীক্ষার্থীদের ব্যক্তিগত ভিডিও নিয়ে আপত্তিকর আচরণ করা হয়েছে। এই ধরণের কর্মকাণ্ড আন্দোলনকারীদের আরও বেশি ক্ষুব্ধ করে তুলছে।
তিনি আরও বলেন, দেশে সরকার, সংশ্লিষ্ট দপ্তর এবং প্রশাসন রয়েছে। আন্দোলনটি তাদেরই ডিল করতে দেওয়া উচিত। আন্দোলনকারীদের উস্কানি দিলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে বলে তিনি পুনরায় হুঁশিয়ারি উচ্চারণ করেন।

