বাংলাদেশে পরিবহন ও লজিস্টিকস খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব

বাংলাদেশে পরিবহন, লজিস্টিকস, সামুদ্রিক খাত ও আর্থিক সেবাসহ বিভিন্ন অগ্রাধিকারপ্রাপ্ত খাতে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব। বুধবার সকালে রাজধানীর বিনিয়োগ ভবনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে সৌদি আরবের পরিবহন ও লজিস্টিকস মন্ত্রণালয়ের এক প্রতিনিধিদলের বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়।

বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পরিবহন ও লজিস্টিকস উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিডার নির্বাহী চেয়ারম্যান ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা আশিক চৌধুরী। এ সময় বিডা, পিপিপি কর্তৃপক্ষ ও বেজার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌদি উপমন্ত্রী ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ জানান, বাংলাদেশে ব্যবসা সহজীকরণ ও বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধির উদ্যোগ সৌদি আরবের উন্নয়ন কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তিনি বলেন, বৈশ্বিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে উঠতে সৌদি আরব বিভিন্ন দেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ উৎসাহিত করছে।

বৈঠকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে রেড সি গেটওয়ে টার্মিনালের (আরএসজিটি) কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সৌদি উপমন্ত্রী উল্লেখ করেন, এই প্রতিষ্ঠানে ৯৮ শতাংশের বেশি কর্মী বাংলাদেশি। আধুনিক ব্যবস্থাপনা, প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের সামুদ্রিক লজিস্টিকস খাতে আরও বিনিয়োগের সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর জন্য বিনিয়োগ ও ব্যবসার নতুন সুযোগ সৃষ্টির প্রত্যাশা ব্যক্ত করে সৌদি উপমন্ত্রী বলেন, সৌদি আরবে ব্যবসা করতে আগ্রহী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, বৈঠকে লজিস্টিকস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক, বন্দর অবকাঠামো, কোল্ড স্টোরেজ এবং আর্থিক সেবাসহ কয়েকটি খাতে সৌদি পক্ষের গভীর আগ্রহের বিষয়টি উঠে এসেছে। তিনি আরও বলেন, সম্ভাব্য এই বিনিয়োগ বাস্তবায়নে বিডা ইতোমধ্যে একাধিক সৌদি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এগিয়ে চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy