দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বাহিনীকে একটি দক্ষ, পেশাদার এবং জবাবদিহিমূলক বাহিনীতে গড়ে তোলাই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের অংশ হিসেবেই সরকার ১০ হাজার নতুন পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা গ্রহণ করেছে।
সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষা এবং দুর্নীতি দমন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারগুলোর একটি। তিনি জানান, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে সরকার প্রশ্রয় দেবে না।
তারেক রহমান আরও বলেন, স্বৈরাচারী শাসনামলে প্রতি বছর দেশ থেকে প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে বলে সরকার তথ্য পেয়েছে। এই ধরনের দুর্নীতি যেকোনো উপায়ে নিয়ন্ত্রণে আনতে বর্তমান সরকার অত্যন্ত দৃঢ়প্রতিজ্ঞ।
সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়ে গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, কৃষক, শ্রমিক, শিক্ষক কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীসহ দেশের প্রতিটি মানুষ দিন শেষে নিরাপদে বাড়ি ফিরতে এবং পরিবার নিয়ে শান্তিতে বসবাস করতে চান। জনগণের এই প্রত্যাশা পূরণে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দক্ষ ও পেশাদার হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন ও প্রথম বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ তথ্য জানান।

