গাজীপুরের কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ বে ফুটওয়্যার লিমিটেড

গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বে ফুটওয়্যার লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারার বিধান অনুযায়ী কারখানা কর্তৃপক্ষ এই সংক্রান্ত একটি নোটিশ জারি করে।

কারখানা কর্তৃপক্ষের ভাষ্যমতে, গত ১২ জুলাই থেকে শ্রমিকরা আকস্মিকভাবে উৎপাদন কার্যক্রম বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরবর্তীতে ১৩ ও ১৪ জুলাইও একই পরিস্থিতি অব্যাহত থাকে। মালিকপক্ষের দাবি, শ্রমিকদের সঙ্গে একাধিকবার আলোচনা করা সত্ত্বেও উৎপাদন স্বাভাবিক করা সম্ভব হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই পরিস্থিতির কারণে কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে এবং প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শ্রম পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং কারখানার কাজের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৫ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বন্ধ কার্যকর থাকবে।

কারখানাটি পুনরায় চালুর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে শ্রমিক ও কর্মচারীদের জানিয়ে দেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত