জুলাইয়ের বিপক্ষে বয়ান উৎপাদনকারীরা বাংলাদেশে টিকতে পারবে না: আখতার হোসেন

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন এমপি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা মিডিয়ায় এসে জুলাই আন্দোলনের বিপক্ষে এবং শেখ হাসিনার পক্ষে বয়ান উৎপাদন করে, তারা নতুন বাংলাদেশে টিকতে পারবে না। বৃহস্পতিবার রাত ১১টায় রংপুরের পালিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপির পদযাত্রা পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘এই বাংলাদেশে ১৭ বছর ধরে হাসিনা জুলুম করেছে, তারা টিকতে পারে নাই। আজ বাংলাদেশের নতুন জীবনের সূচনা হওয়ার দিন। দুই বছর আগে আজকের এই দিনে আবু সাঈদ জীবন দিয়েছিলেন, যার কারণে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু সেই বাংলাদেশ অনেকের পছন্দ হয় না।’

তিনি অভিযোগ করেন, অনেকে মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক বা চিত্র অভিনেতা সেজে জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। আখতার হোসেন আরও বলেন, ‘আওয়ামী লীগের ফ্যাসিবাদ শাসন যে মিডিয়াদের ভালো লাগে, যে সুশীল সমাজের ভালো লাগে, যে চিত্র কর্মীদের ভালো লাগে—তাদের আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, এই বাংলাদেশ ৫ আগস্টের আগের বাংলাদেশ না। এই বাংলাদেশ নতুন বাংলাদেশ।’

রংপুর সদর উপজেলা এনসিপির আহ্বায়ক কৃষ্ণ রঞ্জন বর্মনের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মহানগর সদস্য সচিব আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলমগীর নয়ন, জেলা যুবশক্তির আহ্বায়ক রাকিবুল তৌফিক, জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তাসিন এবং মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে পদযাত্রা করে তারা সমাবেশে যোগ দেন। সমাবেশে কৃষ্ণ রঞ্জন বর্মনকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৯: ০০আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৯: ০১

কন্টেন্ট: সংগৃহীত