পার্বত্য চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সাথে সমন্বয় করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্যোগের ফলে বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে সেনাবাহিনীর সদস্যরা ভারী প্রকৌশল সরঞ্জাম ও যন্ত্রপাতির মাধ্যমে ধ্বংসাবশেষ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা সচল করার কাজ চালিয়ে যাচ্ছেন।
ভূমিধসের উচ্চ ঝুঁকিতে থাকা এলাকাগুলো থেকে এ পর্যন্ত প্রায় ২২১টি পরিবারকে সরিয়ে এনে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর করা হয়েছে। এছাড়া দুর্গম এলাকায় আটকে পড়া পর্যটকদের উদ্ধারেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, বান্দরবান থেকে ১৪০ জন এবং সাজেক থেকে প্রথম ধাপে ১৫০ জনসহ মোট ৬০০ জনের মধ্যে বাকি পর্যটকদেরও পর্যায়ক্রমে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে সেনাবাহিনী বিভিন্ন এলাকায় রান্না করা খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পাহাড়ি ও বাঙালি পরিবারগুলোর মাঝে চাল, ডাল, তেল ও আলুর মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আইএসপিআর জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে ত্রাণ সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে।

