ঢাবি নিয়ে আপত্তিকর মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদকে ক্ষমা চাওয়ার লিগ্যাল নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) নিয়ে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য প্রদানের অভিযোগে বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গত শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৩তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী অ্যাডভোকেট তনয় কুমার সাহা এই ‘ডিমান্ড ফর জাস্টিস’ নোটিশটি পাঠান। নোটিশটি শিক্ষা সচিব, স্বরাষ্ট্র সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বরাবর পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে যে, গত ১ জুলাই ডাকসু কার্যালয়ে ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক একটি আলোচনা সভায় ব্যারিস্টার ফুয়াদ বিশ্ববিদ্যালয়, এর প্রাক্তন শিক্ষার্থী এবং শিক্ষকদের সম্পর্কে বিদ্বেষমূলক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। তিনি গত ৫০ থেকে ৭০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের অবদান নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি তাদেরকে দেশের সামগ্রিক ক্ষতির জন্য দায়ী করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ও বিভেদমূলক মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে নোটিশে।

অভিযোগে বলা হয়েছে, এসব বক্তব্যের মাধ্যমে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন হয়েছে, যা বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ অসংখ্য মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এর পরিপ্রেক্ষিতে, ব্যারিস্টার ফুয়াদকে ১ জুলাইয়ের বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার করে মূলধারার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। একই সঙ্গে, বিশ্ববিদ্যালয়ের সম্মানহানির দায়ে তাকে ১০০ কোটি টাকা দৃষ্টান্তমূলক ও শাস্তিমূলক ক্ষতিপূরণ প্রদানের আহ্বান জানানো হয়েছে। এই অর্থের পুরোটা বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিলে জমা দিয়ে জাতীয় উন্নয়নে ব্যয় করার নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে শিক্ষা মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে জনস্বার্থে হাইকোর্ট বিভাগে রিট (পিআইএল) দায়ের করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ওই রিটে প্রয়োজনীয় সাংবিধানিক প্রতিকার এবং আদালতের নির্দেশনার আবেদন জানানো হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।