দিনাজপুরের কাহারোল উপজেলায় ঢেপা নদীতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া মো. আল ইমরান নামের এক মাদ্রাসা ছাত্রের মরদেহ ঘটনার ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মৃত আল ইমরান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কালিয়াগাঁও গ্রামের বাসিন্দা আনারুল ইসলামের ছেলে। সে কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর ১৩ মাইল গড়েয়ার মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়্যাহ মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম জানান, গত শুক্রবার সকাল ১১টার দিকে আল ইমরান তার চার বন্ধুর সঙ্গে ঢেপা নদীর পাড়ে খেলাধুলা করতে গিয়েছিল। একপর্যায়ে আল ইমরান নদীতে সাঁতার কাটতে নামে। তবে সে নদী থেকে আর ফিরে না এলে বন্ধুরা তাকে অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয় এবং বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ কাহারোল ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। পরবর্তী সময়ে রংপুরের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজে যোগ দেয়, তবে শুক্রবার দিনশেষেও ওই ছাত্রের কোনো সন্ধান পাওয়া যায়নি।
কাহারোল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রেজাউল করিম জানিয়েছেন, নিখোঁজ ছাত্রটিকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হয়েছিল, কিন্তু নদীতে প্রবল স্রোত থাকায় প্রাথমিক পর্যায়ে উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। অবশেষে দীর্ঘ ৩০ ঘণ্টা পার হওয়ার পর পুলিশের সহায়তায় মরদেহটি উদ্ধার করা সম্ভব হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি সেলিমুর রহমান সেলিম।
