আজ ঢাকার আকাশ কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

রাজধানী ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকায় আজ দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে, দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দিনের আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।

এদিকে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।