বিশেষ অভিযানে দুইটি আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসী র‍্যাবের জালে, কেরানীগঞ্জে নিশ্চিত করলো র‍্যাব-১০

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে দুইটি আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রবিউল ইসলাম (৪৫), মোঃ মাহবুব আলম মানিক (৩৮) এবং মোঃ নজরুল ইসলাম (৪৭)। আজ দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে অবস্থিত র‍্যাব-১০ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব-১০ এর অধিনায়ক আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থানার ডেমরা রোডস্থ কাজলারপাড় এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন সময়ে একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। তবে র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে গাড়িটিকে আটক করতে সক্ষম হন।

আটককৃত প্রাইভেটকারের ভেতর থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলভার, ২টি ম্যাগাজিন, ১৩ রাউন্ড তাজা গুলি এবং ১টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়। একই সময়ে প্রাইভেটকারের ভেতরে থাকা উল্লিখিত তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয় সম্পর্কে জানা যায়, মোঃ রবিউল ইসলামের বাবার নাম মৃত চানমিয়া, তার বাড়ি কুমিল্লা জেলার মেঘনা থানার করিমাবাদ গ্রামে। মোঃ মাহবুব আলম মানিকের বাবার নাম মৃত আঃ লতিফ শেখ, তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার জশলং গ্রামে। আর মোঃ নজরুল ইসলামের বাবার নাম মোঃ ইসরাইল, তার বাড়ি রাজধানী ঢাকার ওয়ারী থানার ফোল্ডার স্ট্রীট গ্রামে।

কন্টেন্ট: সংগৃহীত