দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল এবং পাহাড়ধসের কারণে দেশের সাতটি জেলায় বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সোমবার (১৩ জুলাই) প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যায় আহত হয়েছেন আরও ৩৯ জন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বন্যা ও পাহাড়ধসের ঘটনায় মোট ৬ লাখ ৯ হাজার ৪১১ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন এবং ১২টি পৌরসভা এলাকা বন্যাকবলিত হয়ে পড়েছে।

জেলাভিত্তিক প্রাণহানির পরিসংখ্যানে দেখা গেছে, সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কক্সবাজারে, যেখানে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি উদ্যোগে ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে বর্তমানে ৩৮ হাজার ৪২২ জন মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যাকবলিত এলাকায় জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার তৎপরতা পরিচালনা করছে। দুর্গত মানুষের মাঝে বিশুদ্ধ পানি, খাদ্য এবং জরুরি ত্রাণসামগ্রী বিতরণের কাজ অব্যাহত রয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।