ফ্রান্সের নিষেধাজ্ঞার কবলে ইসরায়েলের অর্থমন্ত্রীসহ ২৬ নাগরিক
অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা এবং অবৈধ বসতি স্থাপনের অভিযোগে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফ্রান্স। এই নিষেধাজ্ঞার আওতায় তিনি এখন থেকে ফ্রান্সে প্রবেশ করতে পারবেন না।
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পশ্চিম তীরে চলমান সহিংসতা ও উপনিবেশীকরণের বিরুদ্ধে ফ্রান্স প্যারিস থেকে এই যৌথ জাতীয় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই পদক্ষেপে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং নরওয়ের মতো মিত্রদেশগুলোর সাথে সমন্বয় করা হয়েছে।
নিষেধাজ্ঞার তালিকায় অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ ছাড়াও দেশটির চারজন কট্টরপন্থী বসতি স্থাপনকারী নেতা এবং সহিংসতায় জড়িত আরও ২১ জন ইসরায়েলি নাগরিক রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারো বলেন, “বেজালেল স্মোট্রিচ সরাসরি পশ্চিম তীর দখল এবং সেখানে নতুন অবৈধ ইহুদি বসতি স্থাপনের পক্ষে উস্কানি দিচ্ছেন। একই সাথে তিনি গাজায় পুনরায় উপনিবেশ তৈরি এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার বৈরী নীতি প্রচার করছেন।”
তিনি আরও যোগ করেন যে, স্মোট্রিচের এই নীতি ফিলিস্তিনি জনগণের জন্য মারাত্মক বিপর্যয় ডেকে আনছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি বিশাল অংশ, যারা স্বাধীন দুই-রাষ্ট্রভিত্তিক সমাধানে বিশ্বাসী, তারা কোনোভাবেই এই আগ্রাসী নীতি মেনে নিতে পারে না।
বিশ্লেষকদের মতে, পশ্চিমা মিত্রদের সাথে সুর মিলিয়ে ফ্রান্সের এই কঠোর অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে ইসরায়েলের ওপর চাপ আরও বাড়িয়ে দেবে।

