২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর সংক্রান্ত কাজের জন্য দেশের নির্দিষ্ট কয়েকটি এলাকায় আজ রবিবার (২৮ জুন) থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গত শুক্রবার (২৬ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাসেক প্রকল্পের অধীনে ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের কাজের অংশ হিসেবে রূপগঞ্জ এলাকার গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান সঞ্চালন ও বিতরণ গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে।

এই কাজের জন্য রবিবার সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা ভুলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার এবং কাঞ্চন এলাকার সকল শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস সংযোগ বন্ধ থাকবে। এছাড়াও, পাইপলাইনের কাজের সময় পার্শ্ববর্তী এলাকাগুলোতেও গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে অথবা গ্যাসের স্বল্পচাপ বিরাজ করার সম্ভাবনা রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষ থেকে গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।