সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনো কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি। বিষয়টি নিশ্চিত করে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, কমিশন এ বিষয়ে কোনো তথ্য বা নোটিশ পেলে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। বুধবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে, একই দিন বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাম্প্রতিক সময়ের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সাংগঠনিক তদন্তের পর গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানানো হয়।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি দ্রুত নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।
উল্লেখ্য, গত সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

