সউদী আরব বাহরাইন ও কুয়েতের সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইরানের চালানো অনাকাঙ্ক্ষিত হামলা এবং নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের কার্যকলাপ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।
সউদী আরব আরও সতর্ক করে বলেছে যে, ইরানের এই ধারাবাহিক আগ্রাসন উত্তেজনাকে আরও উসকে দিচ্ছে, যা সমগ্র অঞ্চলকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। মন্ত্রণালয় জোর দিয়ে উল্লেখ করেছে, এসব নীতিবহির্ভূত কর্মকাণ্ড অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে পরিচালিত আন্তর্জাতিক প্রচেষ্টাগুলোকে নস্যাৎ করছে।
রিয়াদ জানিয়েছে, তারা বাহরাইন ও কুয়েতের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দেশ দুটি যে কোনো পদক্ষেপ গ্রহণ করলে তাতে সম্পূর্ণ সমর্থন দেবে।

