কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ১২ জেলেসহ মাছ ধরার একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে কুতুবদিয়া উপকূল থেকে দূরে গভীর সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এফবি ফকিরা মসজিদ’, যার মালিক কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী এলাকার নুরুল আবছার।
কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফারুক হোসেন জানান, ট্রলারটিতে মোট ১২ জন জেলে ছিলেন। উদ্ধার অভিযানের পর সোমবার রাত ৯টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি কুতুবদিয়ায় নিয়ে আসা হয়। এরপর ট্রলারের ভেতর থেকে চার জেলের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া এ ঘটনায় সাতজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ট্রলারডুবির ঘটনায় এখনো নাছির উদ্দীন নামে একজন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ নাছির উদ্দীন কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বাসিন্দা। বৈরী আবহাওয়ার কারণে ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে ট্রলারটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
