ফুটপাতে থাকা অসহায় মুক্তা ও তার সন্তানের দায়িত্ব নিলেন লুৎফুজ্জামান বাবর

ঢাকার ফুটপাতে মানবেতর জীবনযাপন করা মুক্তা বেগম নামের এক অসহায় নারী ও তার সন্তানের দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুরে পুরানা পল্টনে আকস্মিকভাবে উপস্থিত হয়ে তিনি মুক্তা বেগমের দুর্দশার কথা শোনেন এবং তাকে সহায়তার আশ্বাস দেন। নেত্রকোনা-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মুক্তার সঙ্গে কথা বলে তার জীবনসংগ্রামের অজানা গল্প শোনেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, মুক্তা বেগমের বাড়ি আমার নির্বাচনী এলাকা মোহনগঞ্জে। তিনি যখন জানতে পারেন যে তার এলাকার এক নারী ছোট সন্তানদের নিয়ে রাস্তায় অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন, তখনই তিনি তার কাছে ছুটে আসেন। বাবর প্রতিশ্রুতি দিয়েছেন যে, মোহনগঞ্জে তিনি মুক্তার জন্য একটি ছোট জায়গা ও বাড়ি তৈরি করে দেবেন, যাতে তাকে আর ভিক্ষাবৃত্তি করতে না হয়। এছাড়া মুক্তার ছোট ছেলে মেহেদির দায়িত্বও তিনি নিয়েছেন। বর্তমানে মুক্তা বেগমের জন্য একটি চাকরির ব্যবস্থা করাকে তিনি প্রথম কাজ হিসেবে উল্লেখ করেছেন।

নিজের বর্তমান পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে মুক্তা বেগম জানান, বছরের পর বছর তিনি ফুটপাতেই থাকছেন। তার দুই ছেলে ও এক মেয়ের মধ্যে একমাত্র মেয়েকে বিয়ে দিয়েছেন। বড় ছেলে মাদকাসক্ত হওয়ায় সে আলাদা থাকে। বর্তমানে ছোট ছেলে মেহেদিকে নিয়েই তার সংসার। ছোট সন্তানকে নিরাপদ রাখতে বাধ্য হয়েই তিনি অনেক সময় পায়ে দড়ি বেঁধে ঘুমানোর কথা জানান। এমপি সাহেবের এমন মানবিক উদ্যোগে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে তার জন্য দোয়া চেয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত