খুলনার পাইকগাছায় রান্নার সময় গরুর মাংসের অস্বাভাবিক রং পরিবর্তনের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে পৌর এলাকার মডার্ন বেকারির কর্মচারীরা পিকনিকের আয়োজনের অংশ হিসেবে মাংস রান্না করতে গিয়ে দেখেন, মাংসের স্বাভাবিক লাল রং বদলে নীলচে-সবুজ হয়ে যাচ্ছে।
ঘটনার বিবরণ দিয়ে বেকারির কর্মচারীরা জানান, সকালের দিকে বেকারির কর্মচারী লিটন হোসেনসহ তিনজন পাইকগাছা বাজারের মাংস ব্যবসায়ী ইসমাইলের দোকান থেকে চার কেজি মাংস কেনেন। ব্যবসায়ী তাঁদের জানিয়েছিলেন যে, সকালে জবাই করা গরুর সব মাংস বিক্রি হয়ে গেছে, তাই ফ্রিজে সংরক্ষিত আগের দিনের মাংস তিনি তাঁদের কাছে বিক্রি করেন।
বেকারির কর্মচারীদের দাবি অনুযায়ী, রান্নার সময় তেল-মসলা দেওয়ার কিছুক্ষণ পরই মাংসের রং অস্বাভাবিকভাবে পরিবর্তিত হতে শুরু করে। তাঁরা যতবার নাড়াচাড়া করছিলেন, রং তত বেশি গাঢ় সবুজ হতে থাকে। বিষয়টি দেখে তাঁরা আতঙ্কিত হয়ে চুলা থেকে কড়াই নামিয়ে ফেলেন এবং অন্যদের ডাকেন।
এর পরপরই তাঁরা কড়াইসহ মাংস নিয়ে প্রথমে মাংস বিক্রেতার দোকানে যান। সেখানে কোনো সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ায় তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে যান। সেখান থেকে পরামর্শ পেয়ে তাঁরা রান্না করা মাংসসহ কড়াই নিয়ে থানায় উপস্থিত হন। পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, কর্মচারীরা থানায় এলেও কোনো লিখিত অভিযোগ দিতে রাজি হননি এবং মাংস দেখিয়ে কিছুক্ষণ পরেই চলে যান। পরে ওই মাংস ফেলে দেওয়া হয়।
মাংস বিক্রেতা ইসমাইল অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, একই মাংস আরও ১০ থেকে ১২ জন ক্রেতার কাছে বিক্রি করেছেন, কিন্তু কেউ কোনো অভিযোগ করেননি। তাঁর মতে, বেকারিতে ব্যবহৃত কোনো রাসায়নিক বা অন্য কোনো কারণে এমনটা হয়ে থাকতে পারে। তবে বেকারির কর্মচারীরা এই দাবি নাকচ করে দিয়ে মাংসের নমুনা পরীক্ষার মাধ্যমে প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন।
এদিকে, উপজেলা পরিষদ চত্বরে ভ্যানে কড়াইভর্তি সবুজ মাংস দেখে উৎসুক মানুষের ভিড় জমে যায়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম জানান, মাংসের এমন অস্বাভাবিক রং পরিবর্তন তিনি আগে কখনো দেখেননি।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে।স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাইকগাছার মডার্ন বেকারির ২৫ জন কর্মচারী আজ কর্মস্থলে একসঙ্গে ভোজের আয়োজন করেন।

