একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে – মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি মন্তব্য করেছেন যে, একটি নির্দিষ্ট মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। তাদের এই ধরনের অপতৎপরতা রুখতে সকলকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

৩ জুন বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল তার বক্তব্যে উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে যখন আমরা নতুনভাবে দেশ গঠনের চেষ্টা করছি, তখন যেন কোনো বিভ্রান্তির মধ্যে না পড়ি। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সাইপ্রাসকে পরাজিত করে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছে। এটি দেশের জন্য একটি বিরল সম্মান ও গৌরবের অর্জন।’ মন্ত্রী জানান, বাংলাদেশের মতো একটি দেশ আগামী এক বছর জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্ব দেবে, যা আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। দেশের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সব সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। তবে ধীরে ধীরে সব সংকট মোকাবিলায় আমরা কাজ করে যাচ্ছি।

যুবসমাজের মধ্যে মাদকের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘যখন দেখি তরুণরা মাদকাসক্ত হয়ে পড়ছে, তখন খুব কষ্ট লাগে।’ তিনি আরও যোগ করেন, মাদক একটি জাতিকে ধ্বংস করে দিতে পারে। তাই মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ রুহিয়া বিএনপির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ। পরে তিনি বিকেলে নবগঠিত ভুল্লি উপজেলা আয়োজিত আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন।