সৌদি আরবে আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ১২ হাজার ২৯২ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশজুড়ে অবৈধ অবস্থান ও সীমান্ত-সংক্রান্ত অপরাধ দমনে নিরাপত্তা বাহিনী যে অভিযান জোরদার করেছে, এটি তারই একটি অংশ। রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতির বরাতে গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়ক শাখার বিবৃতিতে জানানো হয়েছে, বহিষ্কারের প্রক্রিয়ার অংশ হিসেবে আরও ১৬ হাজার ৯১২ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনের কাছে পাঠানো হয়েছে। তাদের মূলত ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য সেখানে পাঠানো হয়। এছাড়া, বহিষ্কারের আগে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৪ হাজার ১৭৪ জনকে ভ্রমণের টিকিট ও রিজার্ভেশন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

গত ২৫ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানে মোট ১৫ হাজার ৫৯১ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে ৭ হাজার ৭৫৯ জন আবাসন আইন, ৪ হাজার ৪৮৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৪৪ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারীদের প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় বা অন্য যেকোনো ধরনের সহযোগিতা প্রদান গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের দায়ে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।