দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে ২৯ জুন বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী ২৯ জুন, সোমবার দেশের মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ শিরোনামে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। ওই দিন সকাল ১০টা ৫ মিনিটে এই বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগের আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে ফলদ, বনজ ও ওষধি গাছ রোপণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) আজ শনিবার এ সংক্রান্ত নির্দেশনা জানিয়ে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে চিঠি পাঠিয়েছে। চিঠিতে জাতীয় পর্যায়ে আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে অংশ নিতে বলা হয়েছে। মাউশির তথ্য অনুযায়ী, দেশের প্রায় ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি পালিত হবে।

মাউশির চিঠিতে উল্লেখ করা হয় যে, সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অধীনে চলমান ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট’-এর মাধ্যমে মাধ্যমিক পর্যায়ের সব সরকারি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে জলবায়ু অনুদান হিসেবে ৫ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্ধারিত এই কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ফলদ, বনজ ও ঔষধি চারা রোপণের সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সরাসরি অংশ নেবেন। বিভিন্ন সরকারি-বেসরকারি গণমাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

চিঠিতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এই অনুষ্ঠানটি সফলভাবে উদযাপনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে, অনুষ্ঠানের দিন ক্যাম্পাসে জলবায়ুবিষয়ক বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করতে হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে সচেতনতামূলক র‍্যালির আয়োজন করতে হবে।