কেন আটকে আছে মুন্নাভাই ৩? মুখ খুললেন নির্মাতা ও আরশাদ

দুই দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমার দর্শকদের কাছে মুন্না ও সার্কিট জুটির জনপ্রিয়তা তুঙ্গে। ২০০৬ সালে ‘লাগে রাহো মুন্না ভাই’ মুক্তির পর থেকেই ভক্তদের মনে একটাই প্রশ্ন—তৃতীয় পর্বটি কবে আসবে। বহু বছর ধরে নানা জল্পনা-কল্পনা চললেও ছবিটি এখনো পর্দায় আসেনি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিচালক রাজকুমার হিরানি ও অভিনেতা আরশাদ ওয়ার্সি। তারা জানিয়েছেন, ছবিটি বন্ধ হয়ে যায়নি, বরং ইতিমধ্যে তিনটি ভিন্ন চিত্রনাট্য লেখা হয়েছে।

হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানান, নতুন গল্পের অভাব নেই, তবে সমস্যার জায়গাটি হলো গল্পের শেষ অংশটি ঠিকমতো সাজানো। হিরানি বলেন, তিনি যদি কেবল বিরতি পর্যন্ত গল্প চিন্তা করেন, তবে এখনই পাঁচটি ছবি তৈরি করে ফেলা সম্ভব। কিন্তু বিরতির পরবর্তী অংশের গল্পই এখন বড় চ্যালেঞ্জ। তিনি শুধু ব্যবসায়িক সাফল্যের জন্য ফ্র্যাঞ্চাইজিটি এগিয়ে নিতে চান না। হিরানির কথায়, তিনি সত্যিই মুন্নাভাই ৩ তৈরি করতে আগ্রহী, তবে তিনি চান না কেবল তাড়াহুড়ো করে ছবি বানিয়ে বক্স অফিস সাফল্য পেতে। আগের দুটি ছবির মান বজায় রাখাটাই তার কাছে আসল চ্যালেঞ্জ।

অনেকের ধারণা ছিল, মুন্নাভাই ৩-এর কোনো চিত্রনাট্যই নেই। তবে আরশাদ ওয়ার্সি এই তথ্য ভুল বলে উড়িয়ে দিয়েছেন। আরশাদ জানান, ছবিটির জন্য তিনটি প্রায় পূর্ণাঙ্গ চিত্রনাট্য তৈরি আছে এবং তার মতে এগুলো তিনি পড়া অধিকাংশ চিত্রনাট্যের চেয়েও ভালো। প্রতিটি গল্পেই আকর্ষণীয় মুহূর্ত রয়েছে, কিন্তু প্রতিটির ক্ষেত্রেই একটি ছোট্ট সংযোগ বা গিঁট খোঁজা হচ্ছে। এটি অনেকটা জিগস পাজল মেলানোর মতো, যা ঠিকমতো বসে গেলেই কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকারে হিরানি জানান, ‘জাদু কি ঝাপ্পি’ বা ‘গান্ধীগিরি’ যে এতটা জনপ্রিয় হবে, তা তিনি আগে কল্পনাও করেননি। পরিকল্পিতভাবে এমন সংলাপ লেখা যায় না, কারণ তা কৃত্রিম মনে হতে পারে। আরশাদ ওয়ার্সি মজার এক তথ্য দিয়ে জানান, শুটিং শেষ হওয়ার পর তিনি নিজের অভিনয় প্রায় ভুলে যান। এমনকি দ্বিতীয় পর্বের সময় প্রথম পর্বের অভিনয়ের ধরন মনে করতে পারেননি। তখন রাজকুমার হিরানি তাকে পুরোনো ভিডিও দেখিয়ে পুনরায় সেই ভঙ্গি নকল করতে সাহায্য করেছিলেন।

বর্তমানে রাজকুমার হিরানি, চিত্রনাট্যকার অভিজাত যোশী, সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ার্সি নিয়মিত মুন্নাভাই ৩ নিয়ে আলোচনা করছেন। গল্পের সেই নিখোঁজ টুকরোটি খুঁজে পেলেই কাজ শুরু হবে। পরিচালক রাজকুমার হিরানি দৃঢ়ভাবে আশ্বস্ত করেছেন যে, কোনো না কোনো সময় মুন্নাভাই ৩ অবশ্যই মুক্তি পাবে।