রাজধানীর ঢাকা কেন্দ্রীয় কারাগারে আব্দুল মান্নান (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী বিপ্লব গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মান্নান কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল মান্নানের হাজাতি নম্বর ২০২৭৫/২৬ এবং তার বাবার নাম জয়নাল আবেদীন। তার গ্রামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার উত্তর বালুখণ্ড এলাকায়। নবাবগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় তিনি কারাগারে বন্দি ছিলেন বলে জানা গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কারা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
তিনি আরও জানান, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন হবে। এরপর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে এবং পরবর্তীতে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
