রাজধানীর শাহবাগ থানা এলাকার মোতালিব প্লাজায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ করেছে পুলিশ। এ সময় জাল টাকা কারবারে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৭ জুন) রাত ৭টা ১০ মিনিটের দিকে শাহবাগের মোতালিব প্লাজার পঞ্চম তলার একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নাফিজ আহম্মেদ (২৬), মো. রহমত উল্লাহ (২৬), ইয়াকুব আলী চৌধুরী (৩৯) এবং রুবেল (৪২)।
রোববার (২৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মোতালিব প্লাজার একটি দোকানে বেশ কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকাসহ অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে চারজনকে হাতেনাতে গ্রেপ্তারের পাশাপাশি তাদের কাছ থেকে ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। অভিযুক্তদের বিরুদ্ধে বর্তমানে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
