১৬ বছর পর বিশ্বকাপের নকআউটে জয়ের দেখা পেল স্পেন

অবশেষে দীর্ঘ ১৬ বছরের নকআউট আক্ষেপের অবসান ঘটল স্পেনের। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর থেকে টানা তিন আসরে নকআউটে জয়ের মুখ দেখেনি দলটি। ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে তারা শেষ ষোলোর বাধা পেরোতে ব্যর্থ হয়েছিল। তবে লস অ্যাঞ্জেলেসে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে সেই হতাশার অধ্যায়ের ইতি টেনেছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ম্যাচটিতে স্পেনের হয়ে জোড়া গোল করেছেন মিকেল ওইয়ারসাবাল এবং অন্য গোলটি এসেছে পেদ্রো পোরোর পা থেকে। ম্যাচের শুরু থেকেই স্পেন তাদের আধিপত্য বজায় রেখেছিল। পরিসংখ্যানেও তা স্পষ্ট; পুরো ম্যাচে স্পেন মোট ২৩টি শট নিয়েছে, যার ১০টিই ছিল লক্ষ্যে। বিপরীতে অস্ট্রিয়া পাঁচটি শট নিলেও একটিও গোলমুখে রাখতে পারেনি।

ম্যাচের ২৯ মিনিটে মার্ক কুকুরেয়া বল জালে জড়ালেও ভিএআর পর্যালোচনার পর পাউ কুবারসির ফাউলের কারণে গোলটি বাতিল করা হয়। তবে গোল পেতে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। ৩৬ মিনিটে পেদ্রির দুর্দান্ত দৌড়ে তৈরি আক্রমণে বাঁ দিক দিয়ে উঠে আসা কুকুরেয়া নিচু ক্রস বাড়ান, যা থেকে নিখুঁত ফিনিশে শ্লাজারকে পরাস্ত করেন ওইয়ারসাবাল। চলতি বছরের শুরু থেকে ইউরোপীয় খেলোয়াড়দের মধ্যে আন্তর্জাতিক ফুটবলে আর্লিং হলান্ডের পরেই সবচেয়ে বেশি গোল এখন ওইয়ারসাবালের, এটি ছিল তার ১৬তম আন্তর্জাতিক গোল।

গোল পাওয়ার পর স্পেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। যোগ করা সময়ে বায়েনার একটি ফ্রি-কিক পোস্টে আঘাত করে। ফিরতি বলে ইয়ামালের খুব কাছ থেকে নেওয়া শটটিও অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন অস্ট্রিয়ান গোলরক্ষক শ্লাজার। তার এই সেভ প্রথমার্ধে অস্ট্রিয়াকে বড় ব্যবধানে পিছিয়ে পড়া থেকে রক্ষা করেছিল।