চীনের কাছ থেকে ২০টি ‘জে-১০সিই’ যুদ্ধবিমান কেনার সম্ভাব্য আলোচনা, বেইজিংয়ের প্রস্তাবিত ‘চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডোর’ এবং তিস্তা নদী প্রকল্প নিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে ভারত। শুক্রবার (৩ জুলাই) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করেছেন যে, প্রতিবেশী দেশগুলোর যেকোনো কৌশলগত বা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ওপর দিল্লি সবসময়ই অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখে।
তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প (টিআরসিএমআরপি) প্রসঙ্গে জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উন্নয়নমূলক সহযোগিতা পারস্পরিক বোঝাপড়া এবং নিয়মিত পরামর্শের ভিত্তিতে এগিয়ে চলে। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন সহায়তা একটি সম্মত রোডম্যাপ অনুযায়ী পরিচালিত হয়, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা প্রকল্প সম্পর্কে ভারতের অবস্থান ইতিমধ্যে বাংলাদেশকে জানানো হয়েছে এবং ভবিষ্যতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সব সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় রাখা হবে।
বাংলাদেশ ও চীনের মধ্যে তিস্তা এবং ভারত থেকে প্রবাহিত অন্যান্য আন্তঃসীমান্ত নদীর ব্যবস্থাপনায় সহযোগিতার বিষয়ে সমঝোতার কয়েকদিন পরই দিল্লির পক্ষ থেকে এমন মন্তব্য এল। অন্যদিকে, ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বৃহস্পতিবার জানিয়েছেন যে, তিস্তা প্রকল্পে বেইজিংয়ের সমর্থন অব্যাহত রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের অনুরোধে চীন তিস্তা প্রকল্পে কাজ করবে এবং এই বিষয়ে তাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে।

