ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শোক ও দাফন উপলক্ষে তেহরানে আয়োজিত কর্মসূচির অংশ নিতে বর্তমানে ইরানে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই সফরের অংশ হিসেবে শুক্রবার তেহরানে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠককালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আয়াতুল্লাহ আলী খামেনির নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে ইরানের সরকার এবং সে দেশের ভ্রাতৃতুল্য জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি। এ সময় দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও গভীর সাংস্কৃতিক বন্ধনের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ক্ষেত্রে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, এই চুক্তি ইরানসহ পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে। চলমান এই শান্তিপ্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সব পক্ষ সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলোর স্থায়ী সমাধানে সচেষ্ট থাকবে।
বৈঠকে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনির শোক ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে বৃহস্পতিবার তেহরানে পৌঁছান হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। সব আনুষ্ঠানিকতা শেষে আগামী শনিবার (৪ জুলাই) স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

