ইরানের সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতে শ্রদ্ধা জানাতে তেহরানে পৌঁছেছে সৌদি আরবের একটি প্রতিনিধিদল। শুক্রবার (৩ জুলাই) সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল তেহরানে এসে খামেনির প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এর আগে বিভিন্ন আরব মুসলিম রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা খামেনির জানাজায় অংশ নেবেন কি না, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছিল। এমনকি সৌদি আরবের পক্ষ থেকেও প্রতিনিধি পাঠানোর বিষয়টি শুরুতে নিশ্চিত ছিল না।
ইরানের সাবেক এই সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের জন্য সপ্তাহব্যাপী আয়োজন করা হয়েছে। এই আয়োজনের প্রথম দিনটি শুধুমাত্র বিদেশি প্রতিনিধিদের শ্রদ্ধা জানানোর জন্য নির্ধারণ করা হয়েছে। আগামী শনিবার থেকে সাধারণ মানুষের দর্শনের জন্য খামেনির কফিন উন্মুক্ত করা হবে।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনার জেরে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছিল। সেই সময় ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছিল, যার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে অবনতি ঘটেছিল। সেই তিক্ততার রেশ থাকলেও, ইরানের সাবেক সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সৌদি আরব তাদের প্রতিনিধিদল পাঠাল।

