মিশরের ম্যাচে আত্মঘাতী গোলে দুই বিশ্বরেকর্ড

চলতি ২০২৬ বিশ্বকাপে মিশর ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে একটি মাত্র আত্মঘাতী গোল থেকে দুটি বিশ্বরেকর্ড তৈরি হয়েছে। ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ বত্রিশের লড়াইয়ে নিজের জালে বল জড়িয়ে এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক হয়েছেন মিশরের খেলোয়াড় মোহাম্মদ হানি।

ঘটনার সূত্রপাত অস্ট্রেলিয়ার একটি সেট পিস থেকে, যখন এইডেন ও’নিল বক্সে বল বাড়িয়েছিলেন। সেই বল বিপদমুক্ত করতে ব্যর্থ হয়ে হানি হেডের মাধ্যমে নিজেদের জালেই বল জড়িয়ে দেন। এই গোলের মাধ্যমেই চলতি টুর্নামেন্টে মোট আত্মঘাতী গোলের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টিতে।

হানির এই আত্মঘাতী গোলটি তাকে একটি বিরল রেকর্ডের অংশীদার করেছে। এক বিশ্বকাপে দুটি আত্মঘাতী গোল করা ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় এখন তিনি। এর আগে ১৯৬৬ সালের বিশ্বকাপে বুলগেরিয়ার ইভান ভুৎসভ এই কীর্তি গড়েছিলেন।

এ ছাড়া হানির এই গোলটির মাধ্যমে এক আসরে সর্বোচ্চ আত্মঘাতী গোলের নতুন রেকর্ডও তৈরি হলো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ১২টি আত্মঘাতী গোল হয়েছিল, যা এতদিন ছিল সর্বোচ্চ। এবার ১৩টি গোল নিয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ তালিকার শীর্ষে উঠে এসেছে। এর পরের অবস্থানে আছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ (১২টি), ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপ (৬টি), ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ (৫টি) এবং ২০০৬ জার্মানি ও ১৯৫৪ সুইজারল্যান্ড বিশ্বকাপ (৪টি করে)।