আবহাওয়া ঝুঁকির কারণে ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময় বদলের সম্ভাবনা

মেক্সিকোতে চলমান আবহাওয়া ঝুঁকির কারণে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার আসন্ন ম্যাচের কিকঅফের সময় পরিবর্তনের কথা গুরুত্বের সাথে ভাবছে ফিফা। এই সিদ্ধান্তের বিষয়ে একটি সূত্র গার্ডিয়ানকে নিশ্চিত করেছে যে, মূলত বজ্রঝড়ের আশঙ্কার কারণেই সূচি পরিবর্তনের এই চিন্তা করা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ম্যাচটি রোববার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার পরিবর্তে দুপুর বারোটায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এস্তাদিও আজতেকায় অনুষ্ঠিতব্য এই শেষ ষোলোর ম্যাচটি নিয়ে ফিফার এমন আকস্মিক পরিকল্পনার কথা আগে জানত না ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন। গণমাধ্যম থেকেই বিষয়টি প্রথম জানতে পারে তারা।

কানসাস সিটিতে টমাস টুখেল ও তার দলের অনুশীলন শেষ হওয়ার পরপরই দুপুর একটার দিকে এই খবর ছড়িয়ে পড়ে। ম্যাচের এত কাছাকাছি সময়ে এসে সূচি পরিবর্তনের এমন উদ্যোগে ফুটবল অ্যাসোসিয়েশন বেশ অবাক হয়েছে। বিশেষ করে ভ্রমণরত ইংল্যান্ড সমর্থকদের ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করা হচ্ছে, কারণ তাদের অনেকেই রোববার সকালেই মেক্সিকো সিটিতে পৌঁছানোর প্রস্তুতি নিয়েছিলেন।

মূলত ফিফার অনুরোধ মেনেই শুক্রবার বিকেলে কানসাস সিটি থেকে মেক্সিকো সিটির উদ্দেশে রওয়ানা হওয়ার কথা ছিল ইংল্যান্ড দলের, যাতে শনিবার মাঠে অনুশীলন করা সম্ভব হয়। এর আগে চলতি সপ্তাহে বৃষ্টির কারণে মেক্সিকো ও ইকুয়েডরের শেষ বত্রিশের ম্যাচ বিলম্বিত হয়েছিল। এছাড়া ফিলাডেলফিয়ায় ফ্রান্স ও ইরাকের গ্রুপ পর্বের ম্যাচও বজ্রঝড়ের কারণে দুই ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখন পর্যন্ত রয়টার্সের কাছে ম্যাচের সময় পরিবর্তনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি।