বরিশাল বোর্ডে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৩৪৬ পরীক্ষার্থী

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. ইউনুস আলী সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বোর্ডের অধীনে মোট ১৪২টি কেন্দ্রে ৫২ হাজার ৫৪২ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫১ হাজার ১৯৬ জন। এই অনুপস্থিতির হার ২ দশমিক ৫৬ শতাংশ।

জেলাভিত্তিক তথ্যানুযায়ী, বরিশাল জেলায় ৪৪৮ জন, ঝালকাঠিতে ১০৮ জন, পিরোজপুরে ১৫৮ জন, পটুয়াখালীতে ২৪৩ জন, বরগুনায় ১৫৭ জন এবং ভোলায় ২৩২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বোর্ড চেয়ারম্যান আরও জানান, পরীক্ষার প্রথম দিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং কোনো পরীক্ষার্থী বা পরিদর্শককে বহিষ্কার করা হয়নি। সার্বিকভাবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।