বাইসাইকেল বিতরণে অনিয়ম, বরখাস্ত কোটচাঁদপুর জামায়াত আমির

সরকারিভাবে বিতরণকৃত বাইসাইকেল নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার প্রেক্ষিতে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজুল ইসলামকে তিন মাসের জন্য দলীয় দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এই সাংগঠনিক সিদ্ধান্তের পাশাপাশি সাবেক শিক্ষক আজিজুর রহমান মাস্টারকে নতুন ভারপ্রাপ্ত উপজেলা আমির হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

গত শুক্রবার (৩ জুলাই) কোটচাঁদপুর শহরের আলফালা সেন্টারে আয়োজিত রুকন সম্মেলনে এই ঘোষণা দেন জেলা আমির ও সংসদ সদস্য (এমপি) আলী আজম মোহাম্মদ আবু বকর।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন বিদায়ি উপজেলা আমির মাওলানা তাজুল ইসলাম। তবে জুমার নামাজের বিরতির পর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তিনি উপস্থিত ছিলেন না। তার অনুপস্থিতিতেই জেলা আমির তদন্ত ও সাংগঠনিক শৃঙ্খলার স্বার্থে তাকে তিন মাসের জন্য সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া, এই অনিয়মের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও ২ জন কর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।